‘প্রাইম’ উন্মোচন করল গ্রামীণফোন

১৫ জুলাই, ২০২৩ ১০:৫৮  

শিল্পীদের নিয়ে রিব্রান্ডেড লাইফস্টাইল সেবা ‘প্রাইম’ উন্মোচন করলো মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। প্রাইম ব্যবহারকারীরা ভ্রমণ, হসপিটালিটি, ডাইনিং, ই-কমার্স, অটোমোবাইল, আইটি সল্যুশন ও স্বাস্থ্যসেবা সহ নানা ক্ষেত্রে বিশেষ সুবিধা উপভোগ করবেন।

শনিবার (১৫ জুলাই) ঢাকার লা মেরিডিয়ানে সেবাটি উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ। এসময় নুহাশ হুমায়ূন, এলিটা করিম, মোরশেদ মিশু, অমিতাভ রেজা, শিরিন শিলা সহ আরও অনেক শিল্পী উপস্থিত ছিলেন।

এছাড়াও ‘ফেস অব প্রাইম’ পর্বে উপস্থিত ছিলেন শিল্পী প্রীতম হাসান। তিনি গ্রামীণফোনের জন্য একটি বিশেষ গান তৈরি করবেন। গ্রামীণফোন প্রাইমের সুবিধা সম্পর্কেও অনুষ্ঠানে ধারণা দেয়া হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি, বিটিআরসি ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণফোনের হাতে তাদের লাইসেন্স তুলে দিয়েছিলেন ১৯৯৬ সালে, আর এই প্রত্যাশাকে সমুজ্জ্বল রেখে গ্রামীণফোন ধীরে ধীরে টেলিকম খাতের শীর্ষ সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে। এমন উদ্ভাবনী শক্তি আর দেশ-জাতির জন্য সর্বদা উন্নত সেবা দানের মানসিকতা ধরে রাখার জন্য গ্রামীণফোনকে আমি অভিনন্দন জানাই।”

গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা সাজ্জাদ হাসিব বলেন, “আমরা এমন একটি সময়ে রয়েছি, যেখানে আমরা সবাই বহুমুখী জীবনযাপন করছি। ‘শেয়ার অব লাইফ’ ধারণায় আরও উল্লেখযোগ্য অবদান রাখতে গ্রামীণফোন চেষ্টা করে যাচ্ছে। আমি অত্যন্ত আনন্দিত যে, আজ আমরা এখানে একসাথে প্রাইম নামে গ্রামীণফোনের নতুন একটি পণ্যের উন্মোচন উদযাপন করছি। এবং আমাদের বিশ্বাস, এটা টেলিযোগাযোগ খাতে যুগান্তকারী পরিবর্তন আনবে। ‘স্মার্ট বাংলাদেশ’র কানেক্টিভিটি পার্টনার হিসেবে উদ্ভাবনী ও সবাই সহজে ব্যবহার করতে পারবে এমন ডিজিটাল সল্যুশন নিয়ে আসার ক্ষেত্রে গ্রামীণফোনের নিরলস প্রচেষ্টারই অংশ প্রাইম।”